
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ
এম এইচ সৌরভ,লক্ষ্মীপুর,রায়পুর প্রতিনিধি:-
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার হায়দরগঞ্জ বাজার কাঁচা বাজারের মধ্য গলিতে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার স্তূপে চরম দুর্ভোগে পড়েছেন ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা।
বাজারে কয়েকটি ডাস্টবিন থাকা সত্ত্বেও নির্দিষ্ট স্থানে বর্জ্য না ফেলায় প্রতিদিনই গলির ভেতরে ময়লা-আবর্জনার পরিমাণ বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের।
সরেজমিনে দেখা যায়,কাঁচা বাজারের মধ্য গলিতে পচা সবজি,মাছ-মাংসের উচ্ছিষ্ট ও বিভিন্ন ধরনের আবর্জনা জমে দুর্গন্ধ ছড়াচ্ছে।এতে বাজারে আসা ক্রেতাদের চলাচলে বিঘ্ন ঘটছে।বিশেষ করে বৃষ্টি হলে ময়লা পানির সঙ্গে মিশে পুরো এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয় বলে জানা যায়।
স্থানীয় ব্যবসায়ীরা জানান,বাজারে ডাস্টবিন থাকলেও অনেকেই নিয়ম না মেনে যেখানে-সেখানে ময়লা ফেলছেন।আবার সময়মতো ময়লা অপসারণ না করায় পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। এতে ব্যবসার পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে।
একাধিক ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, বাজারের গুরুত্বপূর্ণ গলিতে এমন নোংরা পরিবেশ খুবই দুঃখজনক।দ্রুত ময়লা অপসারণ ও নিয়মিত পরিচ্ছন্নতার ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
এই বিষয়ে স্থানীয় সচেতন মহল বাজার ব্যবস্থাপনা কমিটি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।তারা বাজারের প্রতিটি ব্যবসায়ী ও সাধারণ মানুষকে নির্দিষ্ট ডাস্টবিন ব্যবহারে সচেতন হওয়ার আহ্বান জানান।