বালিয়াকান্দি বাজারে মোবাইল কোর্টের অভিযানে মিষ্টান্ন দোকানিকে জরিমানা
মোঃ আজমল হোসেন,বালিয়াকান্দি,রাজবাড়ী:-
রাজবাড়ীর বালিয়াকান্দি বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত ও পরিবেশনের দায়ে এক মিষ্টান্ন ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার(২৪ ডিসেম্বর)২০২৫ বিকালে বালিয়াকান্দি বাজারের সুজন সুইটসে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন।
অভিযানকালে দোকানটিতে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টান্ন ও খাদ্যদ্রব্য উৎপাদন ও পরিবেশন করা হচ্ছে এমন প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫৩ ধারায় একটি মামলা দায়ের করা হয়।এ ঘটনায় অজিত মণ্ডলের ছেলে সুজন মণ্ডল(দোকান মালিক)কে সর্বমোট ৫,০০০(পাঁচ হাজার)টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়,জনস্বার্থে খাদ্যের মান ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। একই সঙ্গে ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে খাদ্য উৎপাদন ও বিক্রয়ের বিষয়ে সতর্ক করা হয়।এ সময়ে বালিয়াকান্দী থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করেন।