শ্রীপুরে ৬ শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যারচেষ্টা ঘটনায় অভিযুক্ত সিয়ামকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
মোঃ আসাদুজ্জামান বিপু,শ্রীপুর :-গাজীপুরের শ্রীপুরে গাড়ারণ খলিলিয়া বহুমুখী ফাজিল মাদ্রাসার ৬ শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টার ঘটনায় অভিযুক্ত সিয়ামকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।
রোববার(৩০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শ্রীপুর–বরমী আঞ্চলিক সড়কের ঘুন্টিঘর এলাকায় তারা সড়ক অবরোধ করে এ মানববন্ধনে অংশ নেন।এ সময় প্রায় ৪০ মিনিট ধরে দুটি আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।পরে বেলা সোয়া ১১টার দিকে পুলিশ ও মাদ্রাসা কর্তৃপক্ষের হস্তক্ষেপে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে মাদ্রাসা প্রাঙ্গণে অবস্থান নেন।এ সময় তাদেরকে মাদ্রাসা সুপার ও সভাপতি’র পদত্যাগের দাবিতে স্লোগান দিতে দেখা যায়।
মানববন্ধনে বক্তারা বলেন,মাদ্রাসার এক শিক্ষার্থীর ছুরিকাঘাতে ছয়জন গুরুতর আহত হলেও মাদ্রাসা কর্তৃপক্ষ কোনো আইনগত ব্যবস্থা নেয়নি। অভিযুক্ত সিয়ামকে দ্রুত গ্রেপ্তার,দৃষ্টান্তমূলক শাস্তি এবং মাদ্রাসা থেকে বহিষ্কার করার দাবি জানান তারা।
আহত শিক্ষার্থীদের অভিভাবকরা বলেন,মাদ্রাসা ক্যাম্পাসে প্রকাশ্যে ছুরিকাঘাতের মতো ঘটনা ঘটলেও কর্তৃপক্ষ গুরুত্ব দেয়নি।তারা থানা বা প্রশাসনকে অবহিত করেননি।এ ঘটনার বিচার না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুর রহমান বলেন,ঘটনার বিষয়টি দুঃখজনক।শিক্ষার্থীদের উত্তেজনা কমাতে কাজ করা হচ্ছে।পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ম্যানেজিং কমিটি মিটিং কল করেছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহম্মদ আব্দুল বারিক (পিপিএম) বলেন,সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ছাত্রদের বুঝিয়ে মাদ্রাসায় ফিরিয়ে নেয়।পরে মাদ্রাসা ছাত্র অবিভাবক বা মাদ্রাসার পক্ষ থেকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে।অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।