মোঃ সম্রাট আলাউদ্দিন,ধামরাই(ঢাকা)প্রতিনিধিঃ-বিজয় দিবসে ঢাকার ধামরাই উপজেলা প্রশাসনের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৬ ডিসেম্বর) সকালে ৮টায় তোলা জাতীয় পতাকা নামানো হয় রাত ৮টা ৪৫ মিনিটের দিকে। রাতে পতাকা উত্তোলিত রয়েছে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট হয়েছে এবং সেটি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।
সকালে উপজেলার হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা পরিষদের প্যারেড থেকে পতাকাটি উত্তোলন করা হয়।পতাকা উত্তোলনের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা,ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ ও ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. সিরাজুল ইসলাম।প্যারেডের মাঠে রাতে কনসার্টের আয়োজন করে উপজেলা প্রশাসন।সরেজমিনে রাত ৮টা ৪০ মিনিটের দিকে সেখানে গিয়ে দেখা যায়, বিদ্যালয় প্রাঙ্গণের প্যারেড মঞ্চে কুয়াশায় ভেজা পতাকা টাঙ্গানো রয়েছে।ধামরাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখকে তার অফিসিয়াল নাম্বারে একাধিকবার ফোন দিয়ে পাওয়া যায়নি।বিজয় দিবসের রাতে পতাকা উত্তোলিত রাখা যায় কি না এমন প্রশ্নের উত্তরে উপজেলা নির্বাহী অফিসার তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন,কিযেন? এটা দেখতে হবে। আমি একটা মিটিং এ আছি পরে ফোন দেন।সচেতন নাগরিক সমাজ ধামরাইয়ের সাধারণ সম্পাদক রাজিউল হাসান পলাশ বলেন,প্রশাসন অন্য সবাইকে নিয়মনীতির মধ্যে রাখবে,তারাই যদি জাতীয় পতাকার ব্যাপারে এমন উদাসীন হয় সেটা দৃষ্টিকটু।আমরা আশা করবো এই ব্যাপারে প্রশাসন সকলকে অবহিত করবে এবং নিজেদের ভুলের ক্ষমা চাইবে বলে বলেন তিনি।