গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সাঘাটায় জমির সীমানা নিয়ে বিরোধের জের ধরে টুকু মিয়া (৫৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৯ জানুয়ারি) সকাল ১০ টার দিকে উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের কুন্দুপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় সামিয়া আক্তার (১৮) ও মোর্শেদা (৫৫)কে আটক করেছে পুলিশ।
নিহত টুকু মিয়া বগুড়ার সোনাতলা উপজেলার তেকানী চুকাইনগর ইউনিয়নের জন্তিয়ার পাড়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়ার সোনাতলা উপজেলার সীমান্তবর্তী জন্তিয়ার পাড়া গ্রামের বাসিন্দা নিহত টুকু মিয়ার জমি গাইবান্ধার সাঘাটা উপজেলার সীমান্তবর্তী কুন্দুপাড়া গ্রামের বাসিন্দা দুদু মিয়ার ছেলে সাদ্দাম মিয়ার জমি সংলগ্ন হওয়ায় ওই দুইজনের জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল।
সোমবার টুকু এবং সাদ্দাম নিজেদের জমিতে গেলে উভয়ই জমির সীমানা নিয়ে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়ে। এ সময় টুকু মিয়া অসুস্থ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে সাঘাটা ও সোনাতলা থানার পুলিশ ঘটনাস্থল থেকে ২ জন নারীকে আটক করে।
সাঘাটা থানার অফিসার ইনচার্জ মমতাজুল হক জানান, নিহত টুকুর লাশ উদ্ধার করা হয়েছে।