ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সদরের নিজ সরাইল মাহফুজ মেম্বারের বাড়ির সংলগ্ন একটি গুরুত্বপূর্ণ রাস্তা ভেঙ্গে গিয়ে সিএনজি, আটোরিক্সা ও মোটরসাইকেল চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে রয়েছেন স্থানীয় এলাকাবাসী।
সোমবার (১০ জুন) সন্ধ্যায় সরেজমিনে নিজ সরাইল গিয়ে ভাঙা রাস্তা পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শের আলম মিয়া। এসময় উপস্থিত ছিলেন, মহান মিয়া, মোঃ বিল্লাল হোসেন, মোঃ রাকিবুর রহমান রকিব,জাবের উল্লাহ, মোঃ রফিকুল ইসলাম, মোঃ লুৎফুর রহমান, আফিল উদ্দিন, আলী মিয়া প্রমুখ।
পরিদর্শনকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শের আলম মিয়া বলেন, রাস্তাটি অবস্থা এখানকার মানুষ আমাকে অবগত করলে এসে দেখি অত্যন্ত বাজে অবস্থা নাজুক অবস্থা, এই এলাকার মানুষ বা অসুস্থ রোগী নিয়ে চলাচল করতে পারছেন না। রিকশা নিয়ে বহুদূর দিয়ে যেতে হচ্ছে। এটা দেখে আসলে খারাপ লাগছে এতো গুলো মানুষ হাজার হাজার মানুষ কষ্ট ভোগ করছে, আমি উপজেলা পরিষদের পক্ষে থেকে অতিদ্রুত দুই একদিনের ভিতরে মেরামত করে দিব যাতে মানুষ চলাচল করতে পারে।
জানা যায়, দীর্ঘদিন ধরে নিজ সরাইল গ্রামের মানুষ বাজারে যাতায়াতের একমাত্র রাস্তাটি কিছু অংশ ভেঙে প্রায় বিলীন হতে থাকায় সোমবার বিকালে ভুক্তভোগী জনসাধারণ রাস্তাটি মেরামতের দাবিতে উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে যান।
সে প্রেক্ষিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শের আলম মিয়া সন্ধ্যায় ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করে রাস্তাটি জরুরি ভিত্তিতে মেরামতের জন্য আশ্বাস দেন। রাস্তাটি মেরামত করার পদক্ষেপের খবর পেয়ে ভুক্তভোগীরা আনন্দের সাথে চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।