উজ্জ্বল চৌধুরী,ময়মনসিংহ:
ময়মনসিংহে ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষের ঘটনায় উদ্ধার কাজ শেষ করে ছেড়ে গেছে দুর্ঘটনা কবলিত বলাকা এক্সপ্রেস ট্রেন। এতে দুই ঘণ্টা পর ময়মনসিংহের সঙ্গে নেত্রকোণা ও ভৈরব রেলপথ এবং ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।
আজ দুপুর দেড়টার দিকে নগরীর শম্ভুগঞ্জ চর রঘুরামপুর এলাকায় বলাকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে বালুবাহী ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।তাদের পরিচয় এখনো জানা যায়নি।
সোমবার (২৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩ টার দিকে উদ্ধারকারী ইঞ্জিন এসে ট্রেনটি উদ্ধার করে ময়মনসিংহ স্টেশনে নিয়ে যায়।এই বিষয়টি ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপসহকারী মোফাজ্জল হোসেন নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান,দুর্গাপুরের জারিয়া থেকে আসা ঢাকাগামী বলাকা এক্সপ্রেস ট্রেন ময়মনসিংহের শম্ভুগঞ্জ চর রঘুরামপুরে অরক্ষিত লেভেল ক্রসিং পার হওয়ার সময় বালুবাহী ট্রাককে ধাক্কা দেয়।এতে ট্রাকটি দুমড়েমুচড়ে গিয়ে রেললাইনের পাশে ছিটকে পড়ে। অন্যদিকে ট্রেনটি প্রায় এক কিলোমিটার সামনে এসে থামে বলে জানা যায়।