পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি:- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-১ (পাটগ্রাম -হাতিবান্ধা) আসনে নৌকা ও ঈগলের মধ্যে এবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া গেছে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান এমপি মোতাহার হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী অর্থ ও পরিকল্পনা বিষয়ক কমিটির কেন্দ্রীয় উপকমিটির সদস্য আতাউর রহমান প্রধানের মধ্যে তীব্র লড়াই হবে বলে মনে করছে সকল পেশার ভোটারা ।
লালমনিরহাট-১ আসনে আ.লীগ প্রার্থী মোতাহার হোসেন এমপি ও স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান প্রধান।
তথ্যসূত্র জানা যায়, এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোতাহার হোসেন নৌকা প্রতীকে ২০০১, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে বিজয়ী হয়।
লালমনিরহাট-১ আসনে ৫ জন প্রার্থী রয়েছে। প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত নৌকায় মোতাহার হোসেন এমপি , স্বতন্ত্র প্রার্থী হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ট্রাক মার্কার আমজাদ হোসেন তাজু, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনাবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য ঈগল মার্কা পাটগ্রামের আতাউর রহমান প্রধান, হাতীবান্ধার ইসলামী ফ্রন্টের প্রার্থী মোমবাতি মার্কার আজম আজাহার হোসেন ও হাতীবান্ধার জাসদের প্রার্থী মশাল মার্কার হাবিব মো. ফারুক।
প্রার্থীদের মধ্যে জমজমাট প্রচারে পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার বিভিন্ন এলাকা সরগরম। সকাল থেকে সভা সমাবেশ, গণসংযোগ করছেন এ দুই প্রার্থী। অন্য প্রার্থীদের তেমন চোখে পড়ছে না।
পাঁচ প্রার্থী থাকলেও সকাল থেকে গভীর রাত পর্যন্ত মাঠ চষে বেড়াচ্ছেন নৌকা মার্কার মোতাহার হোসেন এমপি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও সোনালি, রুপালি এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের সাবেক এমডি ঈগল মার্কার আতাউর রহমান প্রধান।
বর্তমানে স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমানের সঙ্গে হাতীবান্ধা উপজেলা চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা মশিউর রহমান মামুন, আওয়ামী লীগ নেতা প্রভাষক সরওয়ার হায়াত খাঁন, প্রভাষক আলী আকতার গোলাম কিবরিয়া ও পাটগ্রাম পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছাত্র নেতা কাজী আসাদসহ বেশকিছু নেতাকর্মীরা নৌকার বিপক্ষে ঈগল মার্কায় ভোট চাইছেন। কারণ হিসেবে তারা জানায়, নৌকার বিপক্ষে নয় আমরা ব্যক্তির বিপক্ষে ভোট চাইছি।
জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন এমপির বিরুদ্ধে এবার প্রকাশ্যে অবস্থান নিতে দেখা গেছে হাতীবান্ধা-পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বহু নেতাকর্মীকে। তাদের দাবি মোতাহার হোসেন এমপি ‘ব্যক্তি স্বার্থ দেখেন, সাধারণ কর্মী ও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করেন না। দলে মূল্যায়ন নেই। সঠিক জায়গায় স্থান নেই।
নৌকা মার্কার প্রার্থী মোতাহার হোসেন বলেন,এলাকায় ব্যাপক উন্নয়ন করা হয়েছে। রাস্তাঘাট,ব্রিজ,কালর্ভাট, বয়স্ক,বিধবা,প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা ভাতাসহ অসংখ্য কাজ করা হয়েছে। নেতাকর্মীরা মূল্যায়িত হচ্ছে।’স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান প্রধান বলেন,মানুষের সেবা করার জন্য আমি নির্বাচনে দাঁড়িয়েছি। সাধারণ মানুষ অভূতপূর্ব সাড়া দিচ্ছে। নির্বাচনী প্রচারে বাধার সম্মুখীন হচ্ছি। ইতোমধ্যে আমার চারটি নির্বাচনী অফিস ভাঙচুর ও কর্মীদের মারধর করা হয়েছে। পোস্টার, ব্যানার ছিঁড়ে দেওয়া হচ্ছে। প্রশাসনকে জানানোর পরও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এতে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে। লালমনিরহাট-১ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৫ হাজার ৯৯২ জন। এর মধ্যে ১ লাখ ৮৭ হাজার ৩৪৭ মহিলা ও ১ লাখ ৮৮ হাজার ৬০৪ জন পুরুষ ভোটার রয়েছে।