নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে করতে পত্নীতলা ১৪ বিজিবি র প্রেস ব্রিফিং
জাহাঙ্গীর আলম মানিক,সাপাহার(নওগাঁ) জেলা প্রতিনিধি:-আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ,সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়ন(১৪ বিজিবি)এক গুরুত্বপূর্ণ প্রেস ব্রিফিং আয়োজন করেছে।
রোববার(১ ফেব্রুয়ারি ২০২৫)সকাল ১০টা ৩০ মিনিটে পত্নীতলা ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এই ব্রিফিংয়ে বিজিবি কর্মকর্তারা নির্বাচনকালীন নিরাপত্তা পরিকল্পনা ও প্রস্তুতি সম্পর্কে সাংবাদিকদের বিস্তারিত অবহিত করেন।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়,নির্বাচন চলাকালীন সময়ে সীমান্ত এলাকা ও গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র গুলোতে বিজিবি সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।যেকোনো ধরনের সহিংসতা,অনিয়ম, চোরাচালান,অবৈধ প্রবেশ ও আইনবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে কঠোর নজরদারি ও টহল ব্যবস্থা জোরদার করা হবে।
বিজিবি কর্মকর্তারা বলেন,নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন,পুলিশ,র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে কাজ করা হচ্ছে।নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে এবং যেকোনো পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে বিজিবি।
তারা আরও জানান,সীমান্ত এলাকায় বিশেষ নজরদারি অব্যাহত থাকবে যাতে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।একই সঙ্গে ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে বিজিবি কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করে বলেন,এসব প্রস্তুতির মাধ্যমে সাধারণ জনগণ নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতার সুযোগ দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।
এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন, এবং নির্বাচনকালীন নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।